৩০ বছরের প্রতীক্ষার অবসান হলো লিভারপুলের। ঘরে উঠলো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। স্ট্যামফোর্ড ব্রিজে বৃহস্পতিবার চেলসির বিপক্ষে ২-১ ব্যবধানে ম্যানচেস্টার সিটির হারের পর সবার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে লিভারপুল। ৭ ম্যাচ বাকি থাকতেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিল ক্লপের দল।
৩১ ম্যাচে থেকে লিভারপুলের পয়েন্ট ৮৬। টেবিলের দ্বিতীয়স্থানে থাকা ম্যান সিটির পয়েন্ট ৬৩। বাকি সবগুলো ম্যাচ জিতলেও লিভারপুলকে পেছন ফেলতে পারবে না গার্দিওয়ালার দল।
১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা জিতল লিভারপুল। বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেন ইয়ার্গুন ক্লপ। তারই হাত ধরে ইউরোপ সেরা হয় লিভারপুল। এবার এলো প্রিমিয়ার লিগ শিরোপা।
ইত্তেফাক/এএম
