ভোলার মনপুরায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সহ দুইজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ শুক্রবার সকালে মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেনন, গতকাল রাতে নমুনার ফলাফলে দুইজনের পজেটিভ আসে। একজন মনপুরার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ইলিয়াস মিয়া এবং অন্যজন হলেন, উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একজন ক্যান্সার আক্রান্ত রোগী। কয়েকদিন আগে ঢাকায় চিকিৎসা করাতে গিয়ে করোনায় পজেটিভ হয়ে মনপুরায় আসেন। পরে আমরা তার পুনরায় নমূনা সংগ্রহ করে পাঠালে সেই নমুনার ফলাফলও পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ২৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ২৪০ জনের ফলাফলে ১১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এর মধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্ত এক পুলিশ সদস্যকে ভোলায় নিয়ে চিকিৎসা করা হয়েছে। বর্তমানে দুইজন হোম আইসোলেশনে এবং দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনো ১৬ জনের নমুনার ফলাফল বাকি আছে বলে জানা গেছে।
ইত্তেফাক/এএম
