ঢাকার খালগুলো সংস্কার করে হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন করা হবে

আপডেট : ২৭ জুন ২০২০, ১৮:০১

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সরকার ঢাকা মহানগরীর সকল খাল সংস্কার করে পর্যায়ক্রমে হাতিরঝিলের আদলে এনে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। 

তিনি বলেন, মহানগরী ও তার আশেপাশের বিভিন্ন নদ-নদী দখলমুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। 

শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে বাস্তবায়িত হজ্ব ক্যাম্প থেকে বনরূপা পর্যন্ত খননকৃত খালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এ সময় উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মো. আনিছুর রহমান নাঈম ও জাকিয়া সুলতানাসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী ঢাকা ও তার আশেপাশের বুড়িগঙ্গা ও তুরাগসহ বিভিন্ন নদ-নদী দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একটি মাস্টার প্লান তৈরি করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা শহরের একটি খালকে আরেকটি খালের সঙ্গে সংযুক্ত করে একটি ওয়াটার ট্রান্সপোর্ট নেটওয়ার্ক হিসেবে ব্যবহারের উপযোগী করে তুলতে পারলে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে।

ইত্তেফাক/ইউবি