বাফুফেকে ৮ কোটি টাকা দিলো ফিফা

আপডেট : ২৭ জুন ২০২০, ১৮:২৬

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে পুরো ফুটবল বিশ্ব। তিন মাসের বেশি সময় ধরে ফুটবল বন্ধ থাকার পর ইউরোপের ফুটবল ফিরেছে দর্শকশূন্য মাঠে। তবে আন্তর্জাতিক ফুটবল কবে ফিরবে সেটা নিশ্চিত নয়। এ অবস্থায় ফিফা সকল সদস্য দেশের ফুটবলে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে প্রায় ৮ কোটি টাকার মতো অনুদান পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ফিফা পুরো টাকা একবারে দেবে না, দুই ভাগে ভাগ করে দেবে। তিনি আরো বলেন, ‘করোনার কারণে ফুটবল বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সে কারণেই ফিফা সকল সদস্যদেশকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশকে ১০ লাখ ডলার দেবে ফিফা। দুই দফায় টাকাটা দেওয়া হবে। আগামী মাসে প্রথম দফার টাকা দেওয়া হবে। আর আগামী বছর জানুয়ারি নাগাদ দেওয়া হবে দ্বিতীয় দফার টাকা।’

এই অর্থটা যাতে সঠিকভাবে ব্যয় হয় সেটার নজরদারি করবে ফিফা। এছাড়াও নারী ফুটবলের জন্য আরও ৫ লাখ ডলার দেবে ফিফা। তবে তা ঋণ হিসেবে দেওয়া হবে। 

ইত্তেফাক/এসআই