গ্রাম পুলিশদের মর্যাদার বিষয়টি বিবেচনায় রয়েছে : পলক

আপডেট : ২৮ জুন ২০২০, ১৬:৩৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গ্রাম পুলিশরা আইনশৃংখলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে ভূমিকা রাখছে। তৃণমূল পর্যায়ে তাদের শ্রম রয়েছে। বর্তমান সরকার তাদের কষ্টের কথা ভেবে তাদের বেতন প্রায় দ্বিগুণ করেছে। তাদের দাবি সরকার বিবেচনা করছে, বিশেষ করে গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণির কর্মচারীর দাবি যৌক্তিকতা রয়েছে, আমি তাদের এ দাবির প্রতি একমত।

তিনি বলেন, করোনার দুর্যোগে সরকার, সকল দপ্তর, সাংবাদিক, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী পাশাপাশি গ্রাম পুলিশদের অবদান রয়েছে। 

প্রতিমন্ত্রী রবিবার নাটোরের সিংড়া উপজেলায় ১২টি ইউনিয়নের ১০২ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল উপহার দেন। সাইকেল প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা, সিংড়া প্রেসক্লাব সভাপতি এমরান আলী রানা, মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদসহ বিভিন্ন মিডিয়া ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

পরে প্রতিমন্ত্রী এডিবির অর্থায়নে ২০ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং দর্জি প্রশিক্ষণ প্রাপ্ত ৩৫ জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করেন।


ইত্তেফাক/ইউবি