খুলনায় রাষ্ট্রায়ত্ত জুট মিল বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

আপডেট : ২৯ জুন ২০২০, ১৫:৩৪

রাষ্ট্রায়ত্ত জুট মিল বন্ধ ঘোষণার প্রতিবাদে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে নিজ নিজ মিলের সামনে দুই  ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এদিকে, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে খুলনার শিল্পাঞ্চল।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদ এই কর্মসূচি আহবান করে। এই কর্মসূচি অনুযায়ী আগামী ১ জুলাই থেকে অমরণ অনশন পালনের ঘোষণা রয়েছে।

সংগ্রাম পরিষদ আহ্বায়ক সরদার আব্দুল হামিদ জানান, বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যক্তি মালিকদের পাটকলের মালিকদের যড়যন্ত্র এবং আমলাতন্ত্রের চক্রান্তে ২৫ জুন আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে সরকারি ২৫টি পাটকল বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এই ভ্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে তাদের  এই কর্মসূচি। ৩০ জুনের মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তন না হলে ১ জুলাই থেকে শ্রমিক ও পরিবারের সদস্যরা আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন। 

আরো পড়ুন: দেশে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪০১৪

তিনি আরো বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী  আজ (২৯ জুন) দুপুরে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের সাথে বৈঠক করবেন। আর সেই কারণে  খুলনার শ্রমিক নেতৃবৃন্দ  খুলনা ছেড়ে ঢাকার পথে রওনা হয়েছেন। এই বৈঠক ফলপ্রসূ হলেই তারা কর্মসূচি বিষয় চিন্তা ভাবনা করবেন।

এদিকে এর আগে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল প্রধান সহকারী কমিশনার দেবাশীষ বসাক জানান,  আজ সোমবার দুপুর ১২টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে রাষ্ট্রায়ত্ত পাটকল অবসায়নের আসন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। উক্ত প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন। 

ইত্তেফাক/এএএম