ঝিনাইদহ সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার ঝিনাইদহ জেলায় নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামের শহিদুল ইসলাম নামে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝিনাইদহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৯ জন।
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, শৈলকূপা উপজেলায় ৪ জন এবং কালীগঞ্জ উপজেলায় ৪ জন রয়েছে। ল্যাব তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি জানান, মানুষ স্বাস্থ্যবিধি না মানায় জেলায় করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে।
এদিকে করোনা সংক্রমণের সংখ্যা ক্রমাগত বাড়লেও মানুষ পরোয়া করছে না। হাট বাজারে মানুষের ভিড় বেড়েছে। কেউ স্বাস্থ্যবিধি মানছে না। এমনকি অনেকে মাস্ক ব্যবহার করছে না। সামাজিক দূরত্ব বজায় রাখার তোয়াক্কা করছে না। দোকানে গা ঘেষে কেনাকাটা করছে। দেখে মনে হচ্ছে প্রশাসন হাল ছেড়ে দিয়েছে।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, মানুষ কোন ভাবেই সচেতন হচ্ছে না। তাদেরকে বুঝিয়েও ঘরে রাখা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে প্রতিদিনই জরিমানা করা হচ্ছে। মানুষ কোন কিছু পরোয়া করছে না।
ইত্তেফাক/এমআরএম
