ফরিদপুরে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয়ে প্রবেশ করে কর্মকর্তা কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও শারিরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে নৌ পুলিশ ফরিদপুর কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরীকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। বুধবার এক অফিসে আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. লুৎফর রহমান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে কিছু লোক এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এসময় আমার স্টাফদের মারধোর করা হয়। আমি এগিয়ে গেলে আমাকেও চর-থাপ্পর মারে। ভয়ে আমি অফিস থেকে বের হয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করি।
তিনি আরও জানান, প্রথমে ভেবেছিলাম, সন্ত্রাসী বা ডাকাত কিছু একটা হবে। পরে জানলাম তিনি নৌ পুলিশ ফরিদপুর কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী ।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, অতিরিক্ত পুলিশ সুপার যখন অফিসের ভিতর অস্বাভাবিক ভাবে হাটাহাটি করছিলেন, তিনি দুইজন কর্মচারীকে চর-থাপ্পর মারেন, একজনের মুখের মাস্ক টেনে খুলে নেন। কর্মকর্তাদের রুমে সিসি ক্যামেরা না থাকায় রুমের ভিতরের মারপিটের দৃশ্য দেখা যায়নি। তবে এক পর্যায়ে উপ পরিচালক রুম থেকে দৌড়ে বের হয়ে পালিয়ে যান সেটি দেখা যায়। তার পিছনে রুম থেকে সুমিত চৌধুরীসহ আরো কয়েকজনকে বের হয়ে আসতে দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা।
ইত্তেফাক/বিএএফ
