কুমিল্লায় করোনা উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০২০, ১১:৪০

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের কোভিড-১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে এক নারীসহ ৫ জন মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ১ জন এবং আইসিইউতে ৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কুমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানী ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, করোনা ওয়ার্ডের জেলার চান্দিনা উপজেলার রমিজ উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪৯)। এছাড়া আইসিইউতে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার আসিফ ইকবালের ছেলে নাবিল (২৮), জেলার দেবিদ্বার উপজেলার তালতলা গ্রামের জাফর আলীর ছেলে হাজী জব্বার (৮০), আদর্শ সদর উপজেলার বলরামপুর এলাকার রিনা আক্তার (৫২) ও ব্রাহ্মণপাড়া উপজেলার মৃত আবদুল আজিজের ছেলে দুদু মিয়া (৬৪)। এদিকে গত ২৪ ঘণ্টায় কুমেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে আরও ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ১১৭ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে করোনা আক্রান্ত ৩৮ জন এবং লক্ষণ-উপসর্গ রয়েছে ৭৯ জনের। এদিকে গত ৩ জুন থেকে এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৮২৭ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৫৫৪ জন। এসময়ে এখানে মৃত্যুবরণ করেছেন ১৫৮ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত ২৬ জন এবং উপসর্গ ছিল ১৩২ জনের।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টরা করোনার লক্ষণ-উপসর্গ থাকা রোগীদের সর্বাত্মক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

ইত্তেফাক/এমআরএম