এই করোনাকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জনৈক ব্যক্তির মৃত্যু বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল প্রায় ১০ হাজার লোকের ভুড়িভোজের। বিশাল আয়োজনের খবর পেয়ে গৃহস্থকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় নিমন্ত্রিত অতিথিরা দিগব্দিক ছোটাছুটি শুরু করে। শুক্রবার সকাল ৯টার দিকে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান জানান, মৃত্যুবার্ষিকীতে দশটি গরু জবাই করে ১০ হাজার মানুষের ভুরিভোজের আয়োজন করা হয়। করোনা সময়ে কোনো ধরনের স্বাস্থ্য বিধি না মেনে অনুষ্ঠান করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল্লাহ আল কাফি নামে এক ব্যাবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে পুলিশের উপস্থিতি দেখে অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার মানুষ দৌড়ে পালায়। তাদের কারো মুখে মাস্ক ছিল না। পরে রান্না করা খাবার গ্রামের গরিব অসহায়দের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এসি
