রায়পুর-চাঁদপুর আঞ্চলিক সড়কে মিনি পিকআপ ও কংকর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। ধারণা করা হচ্ছে, পিকআপের চালক ঘুমিয়ে পড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার মধ্যরাতে রায়পুর ও চাঁদপুর সড়কের চৌধুরিপুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকা নারায়ণগঞ্জের ও অন্যজনের ঠিকানা মুন্সিগঞ্জ শহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। শনিবার সকালে রায়পুর থানার পুলিশ ওই দু’চালকের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাযুক্ত ট্রাক ও পিকআপ খালে পড়ে যাওয়ায় উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, শুক্রবার রাত ৩টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা ইটের কংকরবাহী ট্রাক ও বিপরীত দিক থেকে যাওয়া খালি পিকআপ রায়পুরের চৌধুরীপুলের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিকআপ চালক (৪০) মারা যান ও ট্রাক চালক (৪৫) উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তবে এখনও নিহতদের পুরো নাম ও ঠিকানা সঠিক ভাবে জানা যায়নি।
রায়পুর থানার ওসি তোতা মিয়া জানান, নিহত দুইজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। তাদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। পড়ে যাওয়া ট্রাক ও পিকআপ খাল থেকে উদ্ধার করে জব্দ করা হবে।
ইত্তেফাক/আরকেজি
