সুশাস্তের স্মরণে ইমরানের গান

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২১:১৩

গেল রোজার মাসে ইসলামি গান দিয়ে ভালোই প্রশংসা কুড়িয়েছেন ইমরান মাহমুদুল। এরপর গেল মাসে প্রকাশ করেছেন মেহেদী হাসান লিমনের কথায় তন্ময় মাহবুবুলের সংগীতায়োজনে প্রেমময় গানচিত্র ‘না’। তার ঠিক ২০ দিনের মাথায় ইমরান হাজির হলেন বলিউডের সুশান্ত সিং রাজপুতকে নিয়ে!

অকাল প্রয়াত এই নায়ককে স্মরণ করে তিনি কণ্ঠে তুললেন ‘ছিচ্চোরে’ ছবির ‘খৈরিয়াত’ গানটি। যা ৩ জুলাই প্রকাশ করেছেন নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে। ‘খৈরিয়াত’ নামের গানটির মূল শিল্পী অরিজিৎ সিং। অমিতাভ ভট্টাচার্যের কথায় এর সংগীত পরিচালক প্রীতম।

ইমরান গণমাধ্যমকে জানান, ‘সুশান্ত তো সবারই প্রিয়। যাকে নিয়ে আসলে বিতর্কের সুযোগ নেই। তো সে যখন হুট করে চলে গেল, ঘটনাটি সবার জন্যই বিগ আপসেট। এরপর থেকেই আমার ফ্যানরা অনুরোধ করেছে, গানটি কাভার করার জন্য। ছোট ভাই তন্ময়কে বললাম একটা কম্পোজিশন দাঁড় করাতে। ও ভালো করেছে। আমিও গাওয়ার চেষ্টা করলাম। রেসপন্স খুবই ভালো। সত্যি বলতে, এটা তো আসলে আবেগের বিষয়। কাজটি করে আমারও ভালো লাগছে।’

ইমরানের গাওয়া এই গানটি তার ভক্তরা তো বটেই, অনেক তারকাও শেয়ার করছেন নিজ নিজ সোশ্যাল হ্যান্ডেলে। যারমধ্যে অন্যতম নায়িকা পরীমনি ও পূজা চেরি।

ইত্তেফাক/বিএএফ