বৈশ্বিক মহামারির শুরু থেকেই অসহায়দের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ক্রিকেট পাড়ায় ভালো মানুষ হিসেবে তার যতোটা সুনাম রয়েছে ভারতে নিয়ে বেফাঁস মন্তব্য করেও ক্রিকেট পাড়ায় তার যথেষ্ট সমালোচনা রয়েছে। গত কয়েকদিন আগেই স্ব-পরিবারে করোনা থেকে সুস্থ হয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।
সুস্থ হয়েই ফের খবরের শিরোনাম হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি। পাক অলরাউন্ডার বলেছেন, একসময় পাকিস্তান ভারতকে ক্রিকেটে এত বেশি হারাত যে ভারতীয়রা নাকি পাকিস্তানি ক্রিকেটারদের কাছে রীতিমতো মাফ চাইত!
যদিও দুই দলের ক্রিকেটীয় যুদ্ধের পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তানই। এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে হওয়া ৫৯ টেস্টের ১২টিতে জিতেছে পাকিস্তান। ভারত জিতেছে নয়টিতে। এক দিনের ক্রিকেটে দুই দলের মধ্যে ফারাক অনেক বেশি। পাকিস্তান মুখোমুখি সাক্ষাতে জিতেছে ৭৩ বার, ভারত জিতেছে ৫৫ বার। একমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে এগিয়ে রয়েছে ভারত। দুই দলের মধ্যে হওয়া আটটি ম্যাচের মধ্যে ছয়টিতেই জিতেছে ভারত।
ইউটিউবে এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘আমরা তো বহু বার হারিয়েছি ভারতকে। আমরা এত হারিয়েছি ওদের যে, ম্যাচের পর ওরা দয়া ভিক্ষা চাইত।’
আফ্রিদি অবশ্য ভারতীয় ক্রিকেট-প্রেমীদের থেকে পাওয়া ভালবাসার কথা স্বীকার করেছেন। বলেছেন, ‘ভারতীয় সমর্থকদের থেকে সবচেয়ে বেশি ভালবাসা পাওয়ার কথা বলেছিলাম ২০১৬ সালে। সেই মন্তব্যে এখনও অনড় রয়েছি।
তিনি আরও বলেছেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতেই বেশি মজা পেতাম। কারণ, চাপ বেশি থাকত। ওরা ভাল দল, বড় দল। ওদের দেশে গিয়ে ভাল খেলা সহজ নয়।’
ইত্তেফাক/এসআই
