জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২৩:৩০

সীমান্তবর্তী  জাফলংয়ের প্রাকৃতিক সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে টাস্কফোর্স অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার দুপুরে টানা তিন ঘণ্টা অভিযান চালিয়ে নৌকা জব্দ ও জরিমানা আদায় করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিবের নেতৃত্বে ডাউকি নদীর উৎপত্তিস্থল জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু করে নয়াবস্তি, কান্দুবস্তি ও জাফলং পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুস সাত্তারকে ৩০ হাজার, সেলিম মিয়াকে ৩০ হাজার, হাসান মিয়াকে ৩০ হাজার ও মানিক মিয়াকে ৫০ হাজার এবং পলাশ মিত্র, বাদশা মিয়া এবং মাসুদ মিয়াকে আরও ৫০ হাজারসহ মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২টি নৌকা জব্দ করা হয়।

গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার  মো. নজরুল ইসলাম, ওসি  মো. আব্দুল আহাদ, সংগ্রাম বিওপির হাবিলদার মো. মোজাম্মেল হোসেন সহ বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।

ইউএনও মো. নাজমুস সাকিব জানান, জাফলংয়ের ইসিএ জোন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স অভিযান চালায়।  তিনি জানান  অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চলবে ।

ইত্তেফাক/এসআই