সিডনি টেস্টে চেতেশ্বর পূজারার ১৯৩ ও ঋষভ পান্তের অপরাজিত ১৫৯ রানের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের পাহাড় গড়েছে ভারত। টেস্টের দ্বিতীয় দিনে ৭ উইকেটে ৬২২ রানে ইনিংস ঘোষণা করেন বিরাট কোহলি। ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।
আগের দিনের ৩ উইকেটে ৩০৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। ১৩০ রান নিয়ে ব্যাট করতে নামা পূজারা ডাবল সেঞ্চুরির দিকে যাচ্ছিলেন। তবে কাঙ্খিত ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতেই তাকে হতাশ করেন নাথান লিয়ন। ইনিংসের ১২৭তম ওভারের শেষ বলে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে পূজারাকে ফেরান তিনি। সাজঘরে ফেরার আগে ৩২৩ বলে ২২ চারে ১৯৩ রানের ইনিংস খেলেন পূজারা।
এরপর ঋষভ পান্ত ও জাদেজার সপ্তম উইকেটে ২০৪ রানের জুটিতে ছয়শ ছাড়ায় ভারতের সংগ্রহ। ইনিংস ঘোষণার আগে ১৮৯ বলে ১৫৯ রান নিয়ে অপরাজিত ছিলেন পান্ত। এর আগে ১১৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৮১ রানের ইনিংসে খেলে লায়নের বলে বোল্ড হয়েছেন জাদেজা।
আরো পড়ুন : ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের মহাসমাবেশ
বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন নাথান লিয়ন। দুটি উইকেট নেন জশ হ্যাজলউড। এছাড়া একটি উইকেট নেন মিচেল স্টার্ক।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস হারিস ১৯ ও উসমান খাজা ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
ইত্তেফাক/ইউবি
