চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র এক সদস্যকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। সোমবার (৬ জুলাই) রাত ২ টার দিকে উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ওই জেএমবির সদস্যের নাম মো. আবদুল কাইয়ুম (২৩)। সে উপজেলার পদুয়া নয়া পাড়ার আবদুস শুক্কুরের পুত্র।
পুলিশের উপস্থিতি টের পেয়ে নব্য জেএমবি‘র ৮-৯ সদস্য কৌশলে পালিয়ে যায় বলে পুলিশ জানায়। ঘটনাস্থল থেকে ৪টি মোবাইল সেট, ৮-১০টি জিহাদি বই, জঙ্গি হামলা সংক্রান্ত ৬-৭ মোবাইলের স্ক্রিনশট কপি ও বেশ কিছু প্রচারপত্র উদ্ধার করেছে পুলিশ।
আরো পড়ুন: কম্প্রেসর দিয়ে তুরস্কে ওয়ালটন পণ্যের রপ্তানি শুরু
আটকের পর মো. আবদুল কাইয়ুম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসায় তিনিসহ পালিয়ে যাওয়ারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র বিভিন্ন স্তরের সদস্য বলে স্বীকার করেন।
এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক মো. সোলায়মান শেখ গণমাধ্যমকে জানান, উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে কিছু উগ্রপন্থী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে গোপন বৈঠক, বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের জন্য একত্রিত হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয। এসময় আবদুল কাইয়ুমকে হাতেনাতে আটক করা হয় এবং ৮-৯ জন সদস্য কৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত ৪টি মোবাইল সেট, বেশকিছু জিহাদি বই, জঙ্গি হামলা সংক্রান্ত মোবাইল স্ক্রিনশট কপি ও বেশ কিছু প্রচারপত্র জব্দ করা হয়।
এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক মো. সোলায়মান শেখ বাদী হয়ে লোহাগাড়া থানায় মো. আবদুল কাইয়ুমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ইত্তেফাক/এএএম
