সম্প্রসারিত হচ্ছে ঈশ্বরদী জংশনের প্লাটফর্ম

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২০:৫১

রেলওয়ের উন্নয়নের ধারাবাহিকতায় ঈশ্বরদী জংশন স্টেশনের প্লাটফর্মে একসঙ্গে ট্রেনের ১৮টি বগি দাঁড়ানোর জন্য রেললাইন ও প্লাটফর্ম সম্প্রসারিত হচ্ছে। একই সঙ্গে মিটারগেজ ও ব্রডগেজ (ডুয়েল) লাইনের কাজও চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বরাদ্দকৃত অর্থায়নে এই উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে বলে জানা গেছে।

পাকশী বিভাগীয় রেল সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হতে প্রায় ২৬ কিলোমিটার রেল সংযোগের জন্য ৩৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন রেললাইন ও নতুন স্টেশন স্থাপনের কাজও একই সঙ্গে চলছে। রেলওয়ের যাত্রী সেবার মান উন্নয়নের জন্য ঈশ্বরদী জংশন স্টেশনকে সম্প্রসারণের সঙ্গে প্লাটফর্মও উঁচু করা হচ্ছে। কাজের অগ্রগতি দেখতে শনিবার (৪ জুন) রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা ঈশ্বরদী জংশন স্টেশন পরিদর্শন করেছেন।

পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) আসাদুল হক জানান, ট্রেন থেকে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের খুব সহজেই নামার সুবিধার্থে প্লাটাফর্ম উঁচু, যাত্রীসেবার মান বৃদ্ধির লক্ষে আধুনিক টয়লেট, যাত্রী বসার স্থান, বিশ্রামাগারসহ রেলওয়ে স্টেশনটিকে কম্পিউটারাইজড ও ডিজিটাল ইয়ার্ড, নতুন সিগন্যাল ভবন নির্মাণ ও সিগন্যালকে ডিজিটালাইজড করণসহ নানামুখী উন্নয়নমূলক কাজ চলছে।

তিনি আরও জানান,ঈশ্বরদী জংশন স্টেশনটিতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের লক্ষেই আধুনিকায়ণ, যুগোপযোগী ও সুযোগসুবিধাজনক করে তোলার কাজ চলছে। খুব শিগগিরই এসব কাজ শেষ করার প্রচেষ্টা চলছে। করোনা কালীন সময়ে স্বল্প সংখ্যক যাত্রীবাহী ট্রেন চলাচল করায় কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছ। 

ইত্তেফাক/এসি