গাইবান্ধার গোবিন্দগঞ্জের করতোয়া নদী থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পারসুন্দইল গ্রামের করতোয়া নদী থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদি হাসান জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা করতোয়া নদীতে লাশটি দেখে পুলিশে খবর দিলে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত এই ব্যক্তির শরীরের চামড়া অনেকটা পচে গেছে। এছাড়া ছোট ছোট দাড়ি মুখ ফুুুলে যাওয়ায় তাকে ঠিক চেনা যাচ্ছেনা। তিনি বলেন, লোকটির বয়স অনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে।
তিনি আরও জানান, লাশটির পড়নে শুধু প্যান্ট ছিল। এছাড়া দুই হাত ও পা রশি দিয়ে এবং চোখ-মুখ কাপড়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে তাকে হত্যার পর করতোয়া নদীর উজানে কোনো এলাকায় এই লাশটি ফেলে দেয় দুর্বৃত্তরা। নিহত যুবকের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। পরিচয় পাওয়া না গেলে আগামী বৃহস্পতিবার আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হবে।
ইত্তেফাক/এসি
