রাজধানীর মিরপুরে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। নিহত যুবকের নাম রুবেল হোসেন (২২)। তিনি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘দারাজ’-এর রাইডার হিসেবে চাকরি করতেন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম শেওড়াপাড়ার শাপলা সরণির ৩৭৪/৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। নিহত রুবেলের পরিবারের অভিযোগ, রুবেলের ভাই আকবর গত শুক্রবার তাদের প্রতিবেশী মিজান নামের অপর এক যুবককে চোর বলে গালি দেন। এ নিয়ে মিজানের পরিবারের সঙ্গে তাদের পরিবারের কয়েকদফা ঝগড়া হয়। পরে মিজানের ছোট ভাই নাজমুল হাসান নাজু রুবেলকে ছুরিকাঘাতে হত্যা করে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকেও ঝগড়া করে মিজানের পাঁচ ভাইসহ তার পরিবার। এক পর্যায়ে মিজানের ছোট ভাই নাজমুল বাসার বাইরে থেকে এসেই রুবেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় রুবেলের বড় ভাই কামালের বুকেও ছুরিকাঘাত করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রুবেলকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির মিরপুর জোনের এসি এম এম মঈনুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড। এ ঘটনায় ১০-১২ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় নিহত রুবেলের মা আছিয়া বেগম একটি হত্যা মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে। জানা গেছে, নিহত রুবেলের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। চার ভাইয়ের মধ্যে সে ছোট। পরিবারের সঙ্গে সে শেওড়াপাড়ার ঐ বাসাতেই থাকতেন।
ইত্তেফাক এসি
