জনপ্রশাসন মন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানাজা আগামী রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ দিন বাদ আছর বনানী কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ খবর জানিয়ে বলা হয়েছে, সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছনোর কথা রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ তার মরদেহ গ্রহণ করবেন।
এরপর সন্ধ্যা ৭টায় সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ২১ বেইলি রোডস্থ তাঁর সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে রাখা হবে।
পরদিন ৬ জানুয়ারি (রবিবার) সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারযোগে মরদেহ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং দুপুর ১২টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের তৃতীয় নামাজে জানাজা দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সংসদ সদস্য নয়, খেলোয়াড় হিসেবে দেখতে বলছেন মাশরাফি
বৃহস্পতিবার রাত দশটার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং নেতা-কর্মী রেখে গেছেন।
ইত্তেফাক/এমআই
