করোনা নেগেটিভ আসার ২৪ ঘন্টার মাথায় মারা গেলেন আওয়ামীলীগ নেতা নজরুল 

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০০:০৪

দীর্ঘ এক সপ্তাহ ধরে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন থাকার পর ৭ জুলাই করোনা নেগেটিভ আসে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর। রিপোর্ট আসার ২৪ ঘন্টার পার না হতেই হাসপাতালেই মারা গেছেন তিনি।

বুধবার (৮ জুলাই) বিকাল চারটার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার রাত ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদায় বায়তুশ শরফ মাঠে জানাজা শেষে বইল্যাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুমের ছোট ভাই ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে’র মহাপরিচালক শিক্ষাবিদ এএম সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পেকুয়ার মরহুম মাওলানা ফজলুল হকের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী শহরের কলাতলী এলাকায় স্থায়ীভাবে বাস করতেন এবং তিনি ১ ছেলে ২ মেয়ের জনক।  

সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। গত ২২ জুন দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৪ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন ২৩ জুন তার করোনা ধরা পড়ে। এরপর থেকে সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে মাঝখানে তাকে ওখান থেকে ইউনিয়ন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে দ্বিতীয় পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।

আরো পড়ুনঃ বিচারপতিরা একমত না হওয়ায় এখনই স্বাভাবিক বিচার ব্যবস্থা নয়

নজরুল ইসলাম চৌধুরী ষাটের দশকের কক্সবাজার মহকুমার ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের পাশাপাশি কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। এছাড়া ছাত্র আন্দোলনের পাশাপাশি জেলায় আওয়ামীলীগ পুনঃগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা রাখেন। বিভিন্ন সময় আওয়ামী লীগের নানা পর্যায়ের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ দিন দায়িত্বে ছিলেন।

এদিকে তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ জুলাই) এক শোক বিবৃতিতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিবৃতিতে তিনি মরহুম নজরুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয়, সাধার সম্পাদক মোরশেদ হোসাইন তানিমসহ রাজনৈতিক ও সামাজিক নানা সংগঠন ও নেতৃবৃন্দ। সমবেদনায় তারা বলেন, নজরুল ইসলাম চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ৬০ এর দশকের তুখোড় ছাত্রনেতা এই রাজনৈতিক ৭০ এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সেলের কান্ডারী ও কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয়নেতা ছিলেন। আমরা একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারিয়েছি। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।


ইত্তেফাক/এমএএম