ময়ুর-২ লঞ্চের মালিক গ্রেফতার

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০৯:২৬

বুড়িগঙ্গায় লঞ্চডুবির মামলার প্রধান আসামি ময়ুর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে রাজধানী থেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

 

নৌ পুলিশের সদরঘাট থানার ওসি রেজাউল ইসলাম জানান, বুধবার গভীর রাতে কলাবাগানের সোবহানবাগ এলাকার একটি অ্যাপার্টমেন্টে মোসাদ্দেকের ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

প্রসঙ্গত, ২৯ জুন রাজধানীর সদরঘাটের কাছে শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে ‘এমভি ময়ূর-২’ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’ ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।

 

ওই রাতেই নৌপুলিশ সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুল আলম বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন, এমভি ময়ূর-২ এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা ও জাকির হোসেন, চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেন এবং সুকানি নাসির মৃধা ও মো. হৃদয়। অভিযুক্ত লঞ্চের মালিক, মাস্টার ও চালক পলাতক রয়েছে। 

 

ইত্তেফাক/এএম