৬ দফা দাবিতে খুলায় মেডিকেল টেকনোলোজিস্টদের কর্মবিরতি

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২০:৩৮

টেকনোলোজিস্টদের বয়স মার্জনা করে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ প্রদান ও  মেডিকেল টেকনোলোজিস্টদের বেতন ১০ম গ্রেডে উন্নতীকরণসহ ৬ দফা দাবিতে খুলনায় কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলোজিস্টরা।

বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ কর্মবিরতি চলে। এ সময় বন্ধ ছিল খুলনায় করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম।

কর্মবিরতিতে নেতৃবৃন্দ দাবি করেন, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে মেডিকেল টেকনোলোজিস্টদের বয়স মার্জনা করে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ প্রদান, মেডিক্যাল টেকনোলোজিস্টদের বেতন ১০ম গ্রেডে উন্নতীকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালুকরণ, সেচ্ছাসেবক, অস্থায়ী ও মাস্টার রোল ভিত্তিতে মেডিকেল টেকনোলোজিস্ট নিয়োগ বন্ধের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছেন। 

খুলনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটিপিসিআর মেশিনের মেডিক্যাল টেকনোলোজিস্ট মো. সেলিমুজ্জামান বলেন, দাবি আদায় না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ইত্তেফাক/এসি