দুই দিন আগে বয়স ৩৯ পার করলেন। এক বছর ধরে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই তিনি। তার পরও নাকি অবসরের কথা ভাবছেন না ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএল দিয়ে তার ফেরার কথা ছিল। করোনা ভাইরাস পরিস্থিতিতে সেটিও অনিশ্চয়তায়। তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে জল্পনাও চলছে নিত্য।
ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে ধোনির ম্যানেজার ও ছেলেবেলার বন্ধু মিহির দিবাকর জানিয়েছেন, ধোনি তাকিয়ে আছেন আইপিএলেই, ‘বন্ধু হিসেবে তো আমরা ক্রিকেট নিয়ে কথা খুব একটা বলি না। তবে ওকে দেখে বুঝি, অবসর নিয়ে তার ভাবনা মোটেও নেই। আইপিএল খেলতে দৃঢ়প্রতিজ্ঞ ও। এই টুর্নামেন্টের জন্য অনেক খেটেছে। মনে করে দেখতে পারেন, লকডাউন শুরুর আগে ধোনি এক মাস আগেই চেন্নাই চলে গিয়েছিল নিজেকে প্রস্তুত করতে। এরপর নিজের ফার্মহাউজে ফিটনেস নিয়ে অনেক কাজ করেছে ও, লকডাউন তুলে নেওয়া হলেই অনুশীলন শুরু করবে। এখন সবকিছু নির্ভর করছে পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয়।’
ভারতের ক্রিকেট বোর্ড আইপিএল আয়োজনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতে সম্ভব না হলে দেশের বাইরে টুর্নামেন্ট আয়োজনের ভাবনাও তাদের আছে।
