ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার ইকরামুল কবির মজনু (৭০) শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার আসরের নামাজের পড়ে ইন্দুরকানী মেহেউদ্দিন পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
আধুনিক ইন্দুরকানী গঠনে তিনি ছিলেন অগ্রগন্য। তার চেষ্টায় প্রতিষ্ঠিত হয় ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ইন্দুরকানী কলেজ। তিনি ১৯৮৩ ও ১৯৯২ সালে ইন্দুরকানীর পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি ২০০৯ সালে তৎকালীন জিয়ানগর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।
ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপির আহ্বায়ক আসাদুল কবির স্বপন তালুকদার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদারের মেঝো ভাই তিনি।
তালুকদার ইকরামুল কবির মজনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সংসদ সদস্য এবং দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।
এছাড়াও শোক প্রকাশ করেন, জাতীয় পার্টি জেপির পিরোজপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আলী আহম্মেদ খান মিলু, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব তালুকদার, পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ভান্ডারিয়া উপজেলা জেপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, ভান্ডারিয়া জেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, কাউখালী উপজেলা জেপির সভাপতি মাস্টার মাহাবুবুর রহমান খান, সিনিয়র সহসভাপতি ও কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম. মতিউর রহমান, ইন্দুরকানীর সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, ইন্দুরকানী উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক ও পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, ইন্দুরকানী উপজেলা জেপির সদস্য সচিব শাহিন হাওলাদার, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি আজাদ হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল, ইন্দুরকানী বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছে।
অপরদিকে সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে শোক জানিয়ে ইন্দুরকানী বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইন্দুরকানী বাজার বণিক সমিতি।
ইত্তেফাক/এসি
