নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. বাচ্চু (৩৫) নামে এক পুকুর মালিক ও মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আরো একজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বাহাদুরপুর (মাঝগ্রাম) এ ঘটনা ঘটেছে।
বাচ্চু ওই গ্রামের বাদেশ প্রাং এর ছেলে এবং আহত আহাদ আলী (৬৫) একই গ্ৰামের আতিলালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু নিজের পুকুরে মাছ চাষ করেন। রাতের চোর ঠেকাতে বিদ্যুতের লাইনের তার গোপনে পুকুরের মধ্যে দিয়ে রাখেন বাচ্চু। ওই তারের সুইচ বন্ধ না করে মনের ভুলে পুকুরে মাছের খাদ্য দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডাকাডাকি শুরু করেন। তার আত্মচিৎকারে এ সময় প্রতিবেশী আহাদ সুইচ বন্ধ করতে গেলে তিনিও আহত হন। প্রতিবেশীরা বাচ্চুকে উদ্ধার করে আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বাচ্চুকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন, বিষয়টি অবগত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/কেকে
