সেনবাগে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত 

আপডেট : ১১ জুলাই ২০২০, ১৪:২৮

নোয়াখালীর সেনবাগে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চাঞ্চল্যকর প্রতিবন্ধী যুবতী ধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম (২৫) নিহত হয়েছে। এসময় সেনবাগ থানার এক এএসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে এলজি, দুইটি এলজির গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।

বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে সেনবাগ উপজেলার ৫নং অজুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে। নিহত আক্রাম হোসেন উত্তর মানিকপুর গ্রামের মৃর্ধা বাড়ির আবদুল গফুরের ছেলে।

সেনবাগ থানার ওসি আবদুল বাতের মৃধা জানায়, সেনবাগের মানিকপুর গ্রামের চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী যুবতী (২০) ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি আকরাম হোসেন এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে তার নেতৃত্বে থানার ওসি ইকবাল হোসেন, এসআই জসিম উদ্দিন, এসআই নাজমুল, এএসআই লোকেন মহাজন, কনস্টেবল জিয়া ও এমরান হোসনকে নিয়ে রাত আড়াইটার দিকে অভিযান চালায়। তার গ্রামের বাড়িতে পৌঁছালে আক্রাম ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর গুলি চালায়। এসময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা ২২ রাউন্ড গুলি করলে আক্রামের সহযোগীরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলের অদূরে আক্রামকে গুলি বিদ্ধ অবস্থায় উাদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।


ইত্তেফাক/আরকেজি