পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, করোনা ভাইরাসের জন্য সারাবিশ্ব চরম বিপর্যয় অতিক্রম করলেও নিজেদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই বেশি সংখ্যক গাছ লাগানোর কার্যক্রম চালিয়ে যেতে হবে।
শাহাব উদ্দিন শনিবার রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে অনলাইনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাব মানুষের ওপর দীর্ঘমেয়াদী ও মারাত্মক প্রভাব ফেলে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর এই প্রভাব থেকে রক্ষা পেতে সরকারের পাশাপাশি সকলকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে।
আরো পড়ুন : চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে মুখোমুখি হতে পারে বার্সা ও বায়ার্ন
পরিবেশ মন্ত্রী আরো বলেন, বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বাড়াতে খোলা জায়গায় বিশেষ করে সকল প্রতিষ্ঠানে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং তা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘মহামারি কোভিড-১৯ প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্য নিশ্চিত করি’ প্রতিপাদ্য ধারণ করে করোনা ভাইরাস প্রতিরোধ, ত্রাণ বিতরণ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেছার আহমদ এমপি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
ইত্তেফাক/ইউবি
