গাইবান্ধায় গত তিনদিনের থেমে থেমে বর্ষণ ও উজানের ঢলে সবকটি নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টা থেকে শনিবার বিকেল তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট ও করতোয়া নদীর পানি বেড়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান মুঠোফোনে জানান, শনিবার বিকেলে ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়িঘাট পয়েন্টে বিপদসীমার ৩ সেন্টিমিটার এবং তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি বেড়েছে ৫ সেন্টিমিটার এবং একই সময়ে তিস্তা নদীর বেড়েছে ৪ সেন্টিমিটার।
তিনি আরও বলেন, শনিবার বিকেল ৩টায় ঘাঘট নদী পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় এই নদীর পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। অপরদিকে করতোয়া নদীর পানি কাটাখালী পয়েন্টে বিপদসীমার ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় এই নদীর পানি ৬ সেন্টিমিটার বেড়েছে। ফলে নদী তীরবর্তী যেসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছিল, সেগুলোতে আবারও পানি বাড়ছে। এসব এলাকার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দ্বিতীয় দফায় আবারও বন্যা হতে পারে।
ইত্তেফাক/এসি
