শীতলক্ষ্যায় নিখোঁজ ইত্তেফাক কর্মকর্তার ভাগিনার লাশ উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০২০, ১৯:১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর দৈনিক ইত্তেফাকের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা কাজী আরিফের ভাগিনা মেহেদী হাসানের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার ডেমরা ফায়ার সার্ভিসের একদল ডুবুরি রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ডাক্তারখালী এলাকার শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে। মেহেদী হাসানের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিঞ্চুপুর গ্রামে। তার পিতার নাম জাহাঙ্গীর প্রধান। 

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক কেএম রিয়াজুল হক জানান, মেহেদী হাসান রূপগঞ্জের ডাক্তারখালী এলাকার একটি কয়েল কারখানায় চাকরি করতেন। গত শুক্রবার মেহেদী হাসান তার সহকর্মীদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। তার সহকর্মীরা তীরে উঠে আসলেও মেহেদী হাসান নিখোঁজ হন। শনিবার ডেমরা ফায়ার সার্ভিসের একদল ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ইত্তেফাক/ইউবি