কালীগঞ্জে হাইওয়ে থানার ১৬ পুলিশ করোনায় আক্রান্ত

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৯:৪৫

কালীগঞ্জে বারবাজার হাইওয়ে থানার ১৬জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বশেষ শনিবার এক দিনেই ১০জনের করোনা পজেটিভ এসেছে। এর দু’সপ্তাহ আগে আরো ৬জন পুলিশ সদস্য করোনাতে আক্রান্ত হয়েছিল। এ নিয়ে সবমিলিয়ে হাইওয়ে থানার ৩৫জন পুলিশ সদস্যের মধ্যে এক অফিসারসহ ১৬জন করোনাতে আক্রান্ত হল। বর্তমানে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ বারবাজার হাইওয়ে থানার ওসি মাহফুজুর রহমান জানান, করোনা মহামারিতে এ পর্ষন্ত তার থানায় কর্মরত ১৬জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে। গত ২/৩ সপ্তাহ আগে তার থানার ৬জন পুলিশ সদস্য করোনা পরীক্ষা করে পজেটিভ আসে। এরপর গত সপ্তাহে বাকী পুলিশ সদস্যেদের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠালে শনিবার ১০ জনের করোনা পজেটিভ আসে। আক্রান্তদের আলাদা করে হোমকেয়ারেন্টাইনে রাখার ব্যাবস্থা করা হয়েছে।

তিনি আরো জানান, সরকারি দায়িত্ব পালনে হাইওয়ে সড়কে ডিউটি করতে গিয়ে তারা করোনা আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে হোমকেয়ারেন্টাইনে থাকা আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে পরবর্তিতে ১ জনের করোনা নেগেটিভ এসেছে। বাকী পুলিশ সদস্যদের তাদের নিজ অফিসেই হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, কালীগঞ্জে আইনশৃংখলা বাহিনীর সদস্য, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সরকারী কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীসহ এ পর্যন্ত ১২৪জন করোনা পজেটিভ ধরা পড়েছে। এরমধ্যে ৩৮জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৩জন।

ইত্তেফাক/আরকেজি