এলাকাবাসীর দুর্ভোগ চরমে

পানিতে তলিয়ে আছে রাণীশংকৈল পৌর শহরের রাস্তা

আপডেট : ১২ জুলাই ২০২০, ১৩:৪৯

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরশহরের ৮ নং ওয়ার্ডের আরডিআরএস অফিস থেকে হাজীপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার মাঝখানে দুটি স্থানে বর্ষায় ভেঙে পানিতে তলিয়ে গেছে। এতে দু'পাশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দু'শ পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।

১১ জুলাই শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে রাস্তাটির বেহাল দশা। জানা যায়, এ পাকা রাস্তাটি মাস খানেক আগে প্রবল বর্ষণের স্রোতে দু'জায়গায় ভেঙে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতদিনেও কোনো ব্যবস্থা নেয়নি। ভুক্তভোগী এলাকাবাসী জানায়, এ বিষয়ে অনেক আবেদন অভিযোগ করেও কোনো ফল হয়নি। কয়েকদিন আগে আবার প্রচণ্ড বৃষ্টিতে ভাঙা রাস্তাটি পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় দুই শতাধিক পরিবারসহ এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় মোকসেদ আলী, জাকির হোসেন, ফয়সাল করিরসহ অনেকে অভিযোগ করে বলেন, গত একমাস যাবত রাস্তাটি দিয়ে চলাচল করা যায় না। বিকল্প পথে অনেক দূর দিয়ে ঘুরে বাজারে যেতে হয়। এ ব্যাপারে কাউন্সিলর ও পৌর মেয়রের কোন মাথা ব্যথা নেই। আমরা এ রাস্তাটির মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ কামনা করছি।

এ রাস্তা দিয়ে রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন দক্ষিণ সন্ধ্যারই, হাজিপাড়া, নন্দুয়ার ও হোসেনগাও ইউনিয়ন ভূমি অফিসে যেতে হয়। ইউনিয়ন সহকারী ভূমি অফিসার জাহিরুল ইসলাম বলেন, রাস্তাটি মেরামত খুব জরুরি।

সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর সাদেকুল ইসলাম বলেন, 'মেয়রকে রাস্তাটিতে রাবিশ (ইটের গুড়া) দিয়ে মেরামতের জন্য একাধিকবার বলা হলেও কোন গুরুত্ব দেওয়া হয়নি।' আর সে কারণেই এ বিষয়ে তার কিছু করার নেই বলেও জানান তিনি।

ইত্তেফাক/আরএ