বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কোটবাড়ি এলাকায় থাকা শিক্ষার্থীদের ৪০ শতাংশ মেসভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকাল ৩টায় ক্যাম্পাস ও কোটবাড়ি এলাকার মেস মালিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সূত্রে জানা যায়, এপ্রিল মাস থেকে করোনাকালীন সময় পর্যন্ত শুধুমাত্র ক্যাম্পাস এবং কোটবাড়ি এলাকার মেসগুলোতে ৪০ শতাংশ ভাড়া মওকুফ করতে সম্মত হয়েছেন মেস ও বাসার মালিকরা। তবে শহরের মেস বা বাসা ভাড়া সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। যেসব শিক্ষার্থীরা পূর্ণ ভাড়া দিয়েছেন তাদের আগামী মাসগুলোর সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। গ্যাস বিল, পানির বিলও মওকুফের আওতাভুক্ত থাকবে।
এ বিষয়ে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আমরা ৫০ শতাংশ মওকুফের প্রস্তাব দিয়েছিলাম। মালিকরা ৪০ শতাংশে সম্মত হয়েছে। শহরের মেস বা বাসার মালিকদের সঙ্গেও আমরা দ্রুত বসে ব্যবস্থা নেবো।
ওই সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. আবু তাহের, শাখা ছাত্রলীগ সভাপতি এবং শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসি
