রংপুরের পীরগঞ্জে একটি পিকআপ ভ্যান, চারটি গরুসহ তিনজন গরুচোরকে আটক করেছে জনতা। এ ঘটনায় উত্তেজিত জনতা গরু বহনকারী পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। রবিবার ভোরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারহাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার সংসারভি গ্রামের দিনেশ মালীর ছেলে বিত্তম মালী (২৮),একই উপজেলার দক্ষিন ছত্রা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিপন(৩০) ও নাটোরের সিংড়া উপজেলার ছোটছত্র গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম (২৭)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মিঠাপুকুর এলাকা থেকে পিকআপযোগে চারটি চোরাই গরু নিয়ে যাবার সময় ওই স্থানে যানজটের কারণে পাশকেটে যাবার সময় পিকআপটি ফেঁসে যায়। সন্দেহবশত স্থানীয় জনতা এটি আটক করে। এ সময় পিকআপটি রেখে চালক পালিয়ে গেলেও তিন চোরসহ পিকআপটি জনতা আটকের পর গরুগুলো নেমে নিয়ে পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটক গরুগুলো পীরগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে।
ইত্তেফাক/এসি
