রাজশাহীতে করোনা উপসর্গে ও বজ্রপাতে দুইজনের মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২০, ১৯:৫৬

রাজশাহী করোনা উপসর্গে এক ট্রাফিক কনস্টেবল ও বজ্রপাতে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টায় নগরীর অভায়ার মোড় এলাকায় মেয়ের বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকাকালে মোজাফফর হোসেন (৫৫) নামে এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হয়। তিনি রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে কনস্টেবল ছিলেন। মোজাফফর নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজি গোবিন্দপুর ফকিরপাড়ার মৃত জাবান আলীর ছেলে। পরিবার গ্রামের বাড়িতে এবং তিনি পুলিশ লাইন্স ব্যারাকে থাকতেন।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে।‡

অপরদিকে রাজশাহীর দুর্গাপুরে মাঠে ছাগল চরাতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নাদিরা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আলীপুর মোল্লাপাড়া গ্রামের আমির হোসেনের কন্যা। প্রতিবন্ধী স্বামী পরিত্যক্তা নাদিরা একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। 

ইত্তেফাক/এসি