ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামে শনিবার সন্ধ্যায় কচুরিপানার নিচ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মৌসুমী বেগম(২৫)। গত ২ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি ঐ গ্রামের রোকনউদ্দিনের স্ত্রী।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, ২ জুলাই রাতে খাওয়া-দাওয়ার পর স্বামী-স্ত্রী ঘরে ঘুমিয়েছিলেন। পরদিন স্বামী পুলিশকে জানান, ঘুম থেকে উঠে দেখেন স্ত্রী ঘরে নেই, তার ওড়না ও হাতের চুড়ি পড়ে আছে। খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে থানায় জিডি করা হয়। এর দুই দিন পর তার স্বামীও লাপাত্তা হয়ে যান বলে ঐ পুলিশ কর্মকর্তা জানান।
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জানান, মেলান্দহে রবিবার দুপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মনোয়ারা (২৫)। তিনি উপজেলার চরপলিশা গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী। ওসি (তদন্ত) আ. মজিদ জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে এ ঘটনার পর থেকেই তার স্বামী পলাতক রয়েছে।
