করোনায় বিপাকে তানোরের ডেকোরেটর ব্যবসায়ীরা

আপডেট : ১২ জুলাই ২০২০, ২১:২৩

তানোর (রাজশাহী) সংবাদদাতা

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সব কিছু সীমিত আকারে চললেও বিপাকে রয়েছে তানোরের ডেকোরেটর ও ভিডিও ব্যবসায়ীরা। জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে সভা-সমাবেশ, ওয়াজ, সাংস্কৃতিক, সংবর্ধনা ও ভোজন অনুষ্ঠানসহ সব রকমের কর্মসূচি নিষিদ্ধ থাকায় গত চার মাস যাবত্ দিন ভালো যাচ্ছে না ডেকোরেটর এবং ভিডিও ব্যবসায়ী ও শ্রমিকদের।

অপর দিকে কর্মহীন হয়ে পড়া দেড় শতাধিক ডেকোরেটর ও ভিডিও ধারণ কাজে সংশ্লিষ্ট শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এখন পর্যন্ত তারা পাননি কোনো সরকারি সহায়তা। এমনকি প্রধানমন্ত্রীর প্রণোদনার টাকাও তারা পাননি।

উপজেলার মাহাফুজ হোসেন, আলামিন আলীসহ পাঁচ-সাত জন ডেকোরেটরের কর্মচারী বলেন, প্রায় চার মাস যাবত্ কাজ নেই, নেই আয়-রোজগারও। তাই অভাব-অনটনের মধ্যে জীবন যাচ্ছে।

তানোর পৌর সদরের দুরুল ডেকোরেটরের মালিক দুরুল আলী বলেন, সব কিছুই আগের মতো সচল হলেও আমাদের কর্মের প্রাণ ফিরে পেতে কত সময় লাগবে জানি না। কিন্তু ততদিন পর্যন্ত কর্মহীন এই শ্রমিকদের দায়িত্ব কে নিবে? এখন পর্যন্ত আমাদের কোনো সরকারি সহায়তাও দেওয়া হয়নি।

পৌর শহরের গোল্লাপাড়া বাজারের তাজ ভিডিওর স্বত্বাধিকারী তাজমুল হোসেন তাজ বলেন, সব ব্যবসাপ্রতিষ্ঠানই আগের মতো চলছে। কিন্তু ডেকোরেটর ও ভিডিও ব্যবসায় চলছে মন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আলমগীর হোসেন জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।