সংবাদ সংক্ষেপ

আপডেট : ১২ জুলাই ২০২০, ২১:২৫

গ্রাম পুলিশদের মধ্যে সাইকেল বিতরণ

লালমোহন (ভোলা) সংবাদদাতা লালমোহনে রবিবার গ্রাম পুলিশদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে টেলিকনফারেন্সের মাধ্যমে এ সাইলকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন এবং ইউপি চেয়ারম্যান সৈয়দ আবুল কাশেম।

দুস্থদের মধ্যে অর্থসহায়তা প্রদান

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের কারণে কর্মহীন দুস্থ পরিবারের মধ্যে রবিবার গৌরনদীর মাহিলাড়া ও চাঁদশী ইউনিয়নের ৩৬টি দুস্থ পরিবার প্রধানের মধ্যে ২ হাজার ২৫০ টাকা করে অর্থসহায়তা প্রদান করা হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাসের উদ্যোগে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অর্থসহায়তা প্রদান অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামি।

সিংড়ায় বৃক্ষরোপণ অভিযান

সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ার রামানন্দ খাজুরা ইউনিয়নের ফরিদনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে পল্লীশ্রীর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়েছে রবিবার। ফরিদনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে রামানন্দ খাজুরা ইউপি চেয়ারম্যান তপন কুমার সরকার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ মো. ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ প্রমুখ।

পৌরসভায় বিভিন্ন ভাতার বই বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জ পৌরসভায় রবিবার সমাজসেবার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার বই বিতরণ করা হয়েছে। পৌরসভার হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা ঈশ্বরগঞ্জের আয়োজনে ২০১৯-২০ অর্থবছরের অতিরিক্ত ভাতার বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ, পৌর সচিব কামরুল হক প্রমুখ।

করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত কৃষিসচিবের সভা

রাজাপুর (ঝালকাঠী) সংবাদদাতা করোনা ভাইরাসের কারণে রাজাপুরে পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছেন প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান। রবিবার তিনি উপজেলা পরিষদে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাসরি সম্পৃক্তদের নিয়ে সভা করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদারের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আলম সরফরাজ প্রমুখ।

 

 

০