স্পোর্টস ডেস্ক
পঞ্চম দিনের উইকেট কিংবা চতুর্থ দিন—দুই অবস্থাতেই ব্যাট করা কঠিন। ওয়েস্ট ইন্ডিজের সামনে সাউদাম্পটনে জয়ের জন্য ২০০ রানের লক্ষ্যটাকেও তাই অনেক বড় বলে মনে হচ্ছিল।
আর ইংলিশ পেস বোলিংয়ের বিপক্ষে সফরকারীদের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ছিল বীভত্স। কারণ, প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই-এর ঘরে স্কোর করতে পারেননি। ২৭ রানের মধ্যে প্রথম তিন উইকেটে পতন হয়। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান ওপেনার জন ক্যাম্পবেলও। শাই হোপ ৯, ক্রেইগ ব্রেথওয়েট ৪ রান করে আউট হন।
তারপরও চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত জয়ই দেখছিল ক্যারিবিয়ানরা। ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে চা বিরতিতে যায় উইন্ডিজরা। ব্যাট হাতে দলকে টানছেন জারমেইন ব্ল্যাকউড। তিনি চতুর্থ উইকেট জুটিতে রোস্টন চেজের সাথে যোগ করেন ৭৩ রান। চেজ ৩৭ রান করে ফিরেন সাজঘরে। ব্ল্যাকউড ৬৫ ও শেন ডওরিচ ১১ রান করে অপরাজিত আছেন।
অন্য দিকে বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে যাচ্ছেন জফরা আর্চার। আউট হওয়া চার ক্যারিবিয়ানের তিনজনকেই ফিরিয়েছেন আর্চার। শরীর তাক করে করা তীব্রগতির বাউন্সারেই চেজকে ফেরান তিনি।
