স্পোর্টস ডেস্ক
করোনাসৃষ্ট বিরতির পর গোলে কিছুটা ভাটা পড়লেও লিওনেল মেসির গোল করানো থেমে নেই মোটেও। গত শনিবারও দলের একমাত্র গোলে সহায়তা করে গড়েছেন অনন্য এক কীর্তি। তাতে ১-০ ব্যবধানে ভায়াদোলিদকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেও পয়েন্ট ব্যবধান কমিয়েছে বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে লা লিগায় নিজেদের ৩৬তম ম্যাচে ১৫ মিনিটে জয়সূচক গোলের দেখা পায় কাতালানরা। বক্সের বাইরে থেকে মেসির বাড়ানো বল প্রতিপক্ষ জালে জড়ান আর্তুরো ভিদাল। এর ফলে চলতি মৌসুমে ২০তম গোলের পাশাপাশি ২০তম অ্যাসিস্টের দেখাও পেয়ে যান বার্সা অধিনায়ক।
এ কীর্তির ফলে সাবেক সতীর্থ জাভির ১১ বছর পুরনো রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। ২০০৮-০৯ মৌসুমে ২০টি গোলে জোগান দিয়ে লা লিগা রেকর্ড গড়েছিলেন জাভি। বাকি দুই ম্যাচে মেসি আর একটি গোল করালেই টপকে যাবেন কীর্তিটি।
তবে ইউরোপিয়ান রেকর্ড টপকাতে মেসিকে আরো দুটো গোলে যোগান দিতে হবে। চলতি মৌসুমেই বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড থমাস মুলার ২১টি গোলের যোগান দিয়ে ইউরোপীয় রেকর্ড গড়েছেন। এদিন একই মৌসুমে ২০টি করে গোল-অ্যাসিস্ট করা খেলোয়াড়দের খুব ছোট্ট এক তালিকায়ও ঢুকে গেছেন ছয় বারের ব্যালন ডি অর জয়ী। ফুটবল ইতিহাসেই এমন কীর্তি আছে আর একবার। ২০০৩-০৪ মৌসুমে ২৪ গোল করার পাশাপাশি ২০টি করিয়েছিলেন সাবেক আর্সেনাল ফরোয়ার্ড থিয়েরী অঁরি।
তবে মেসির এত কীর্তির পরও চলতি মৌসুমে লিগ শিরোপাটা অধরা থেকে যাওয়ার সম্ভাবনা তীব্র। বার্সেলোনা ৩৬ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আর এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ বার্সার চেয়ে এগিয়ে আছে এক পয়েন্টে।
দলটার জন্য আরো বড় দুঃসংবাদ বয়ে আনতে পারে ফরোয়ার্ড অ্যান্তোনিও গ্রিজমানের চোট। ভায়াদোলিদের বিপক্ষে চোটের কারণে বিরতির পরপরই তাকে তুলে নিয়েছিলেন কোচ কিকে সেতিয়েন। তার চোট নিয়ে অবশ্য এখনো কিছু জানায়নি বার্সা।
তবে ঠাসবুনটের সূচির ধাক্কাটা সামলাতে বেগই পেতে হচ্ছে দলকে, জানালেন কোচ সেতিয়েন। তিনি বলেন, ‘এস্পানিয়লের বিপক্ষে ম্যাচের ৭২ ঘণ্টাও পেরোয়নি আবারও মাঠে নামতে হচ্ছে আমাদের! ক্লান্তি আসাটা অস্বাভাবিক কিছু নয়।’ বিরতির পর এ নিয়ে টানা নবম ম্যাচে খেললেন মেসি। তার ওপরই যে সবচেয়ে বেশি ধকল যাচ্ছে, মানতে দ্বিধা নেই সেতিয়েনের, ‘তার বিশ্রাম প্রয়োজন। প্রথমার্ধে আরো একটা গোল পেয়ে গেলে হয়তো সেটা পেতেও পারত। তবে তাকে খেলানোর সিদ্ধান্তটা তার সঙ্গে কথা বলেই নিয়েছি আমি।’
