স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের প্রবল প্রতাপে একটার পর একটা আসর বন্ধ হয়ে যাচ্ছে। নানারকম দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হয়েছে। প্রায় এক বছর পিছিয়ে গেছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপও না হওয়ার সম্ভাবনা বেশি। এ অবস্থায় কোনো খেলা না থাকলে বছরের শেষ দিকে শ্রীলঙ্কা সফরের কথা বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
২০২০ সালের এশিয়া কাপ হওয়ার কথা ছিল আসছে সেপ্টেম্বরে। সেটার আয়োজনের স্বত্ব ছিল পাকিস্তানের। কিন্তু ভারত ক্রিকেট খেলতে পাকিস্তান যাবে না, এটা মোটামুটি নিশ্চিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার গুঞ্জন ছিল এই আসরের। কিন্তু সমস্যা হলো, করোনা ভাইরাস সংক্রমণের কারণে উপমহাদেশে ক্রিকেট খেলাই এখনো শুরু হয়নি। এরপর অনলাইন বৈঠকে ঠিক হলো, আগামী জুনে আয়োজন করার চেষ্টা হবে এশিয়া কাপ। সেটাও হবে শ্রীলঙ্কায়। এদিকে এবার অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় আয়োজিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। অস্ট্রেলিয়াতে করোনা সংক্রমণ অনেকটাই কমে এসেছে। তারপরও দেশটির ক্রিকেট বোর্ড বিশ্বকাপ আয়োজন বাস্তবসম্মত মনে করছে না।
এই দুটি আসর বাতিল হলে আর সব দেশের মতো বাংলাদেশও এ বছর আর ক্রিকেটের সূচি থাকবে না। এ অবস্থায় বছরের শেষ দিকে শ্রীলঙ্কা সফরের কথা ভাবছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বললেন, ‘আমাদের তিনটি সিরিজ স্থগিত হয়েছে। এর মধ্যে দুটো হোম সিরিজও আছে। এখন পর্যন্ত যে অবস্থা, তাতে নভেম্বর-ডিসেম্বরেও আমরা হোম সিরিজ আয়োজন করতে পারব কি না, তা বুঝতে পারছি না। আমাদের এখানে পরিস্থিতির নাটকীয় উন্নতি না হলে সেটা সম্ভব হবে না। সে ক্ষেত্রে শ্রীলঙ্কার পরিস্থিতি যেহেতু ভালো, আমরা ওখানে যেতে পারি।’ তবে সুজন মনে করিয়ে দিলেন, সে জন্য শ্রীলঙ্কারও সম্মতি লাগবে, ‘আমরা একারা চাইলেই তো হবে না। ওদেরও ফাঁকা থাকতে হবে। দুই বোর্ড একমত হলে এটা সম্ভব।’
এদিকে বিসিবি বাংলাদেশের এইচপি টিমের শ্রীলঙ্কায় একটা অনুশীলনের কথাও চিন্তা করছে। শ্রীলঙ্কায় যেহেতু সংক্রমণ খুব কম, তাই ওখানে এইচপির একটি দল অনুশীলন করতে যেতে পারে। এ প্রসঙ্গে সুজন বলছিলেন, ‘আলোচনাটা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। ওদের ওখানে সংক্রমণ খুব কম। তাই আমরা বিবেচনা করছি যে, একটা এইচপি দলকে ওখানে ট্রেনিং করানো যেতে পারে।’
