স্পোর্টস ডেস্ক
শেফিল্ড ইউনাইটেডের কাছে ৩-০ ব্যবধানে হারের ফলে চেলসির শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন লিগ খেলাই পড়ে গেছে সংশয়ে। একই দিনে লিভারপুলও জয়বঞ্চিত হয়েছে। তবে ম্যানচেস্টার সিটি রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ৫-০ ব্যবধানে হারিয়েছে ব্রাইটনকে।
প্রতিপক্ষের মাঠে শনিবার ১৬ মিনিটে ডেভিড ম্যাক গোল্ডরিকের গোলে পিছিয়ে পড়ে চেলসি। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান অলি ম্যাকবার্নি। ৭৭ মিনিটে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠোকেন গোল্ডরিক। এই হারের ফলে তিন ম্যাচ বাকি রেখে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানেই রইলো কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। তবে লেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেড নিজ নিজ ম্যাচে জয় তুলে নিলেই চেলসি পাঁচে চলে যাবে। তবে কোচ ল্যাম্পার্ড জানালেন শীর্ষ চারের চেয়ে দলের পারফরম্যান্সেই বেশি চিন্তিত তিনি। চেলসি কোচের ভাষায়, ‘তারা সবদিকে আমাদের চেয়ে এগিয়ে ছিল। এটা হলে হারাটাই স্বাভাবিক। এ ম্যাচ আমাকে অনেক কিছু শিখিয়েছে আর আমি এটা ভুলছি না সহজে।’ তিনি আরো যোগ করেন, ‘শীর্ষ চার নিয়ে মোটেও চিন্তিত নই আমি। বাকি ম্যাচগুলো দেখে হিসেব করব আমাদের কী করণীয়। তবে আজকের পারফরম্যান্স আমাকে দারুণ ভাবাচ্ছে।’ প্রিমিয়ার লিগের শেষ তিন ম্যাচে চেলসির প্রতিপক্ষ নরউইচ, লিভারপুল আর উলভারহ্যাম্পটন। মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপেও লড়বে তারা। তার আগে কোচ জানালেন, পারফরম্যান্সে পরিবর্তন আনতে হবে সবার আগে। বললেন, ‘নরউইচের বিপক্ষে খেলায় দেখব আমাদের অবস্থান কোথায়। তবে আজ যেভাবে খেলেছি, তেমনটা নরউইচ, ম্যানইউ কিংবা উলভসের বিপক্ষে খেলা চলবে না মোটেও।’
এদিকে লিভারপুলও এদিন বার্নলির বিপক্ষে পয়েন্ট খুইয়েছে। ঘরের মাঠে মোহামেদ সালাহদের ১-১ গোলে এই ড্রয়ের ফলে এক প্রিমিয়ার লিগ মৌসুমে সবকটি ‘হোম ম্যাচ’ জেতার অনন্য কীর্তিও হাতছাড়া হয়ে গেছে তাদের।
