পরিবর্তিত নতুন সময়ে ভার্চুয়াল মুদ্রার দিকে মনোযোগী হতে হবে :পলক

আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:২২

পেপারফ্লাই নিয়ে এলো ‘ক্যাশলেস পে’

ক্রেতাদের পছন্দকে গুরুত্ব দিয়ে ও অনলাইনে কেনাকাটা করার ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে দেশের বৃহত্তম হোম ডেলিভারি নেটওয়ার্ক পেপারফ্লাই পার্টনারশিপের মাধ্যমে একটি ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি সলিউশন-‘ক্যাশলেস পে’ উদ্বোধন করেছে। যেসব ক্রেতা অনলাইনে অর্ডার দিয়ে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে পণ্য নিজেদের দোরগোড়ায় পেতে চান তারা পেপারফ্লাই-এর নতুন এই ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে এখন থেকে পণ্য গ্রহণের সময় নগদে মূল্য পরিশোধের (ক্যাশ অন ডেলিভারি-সিওডি) পরিবর্তে ডিজিটাল উপায়ে মূল্য পরিশোধ করতে পারবেন। সারা দেশেই মিলবে এই সেবা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জুনায়েদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল পেমেন্ট  অন-ডেলিভারি সিস্টেম ‘ক্যাশলেস পে’ উদ্বোধন করেছেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, চেয়ারম্যান, বেসিস সৈয়দ আলমাস কবির এবং চেয়ারম্যান, শামী কায়সার ই-ক্যাব।

মাস্টারকার্ডের সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, সারা বিশ্বে ক্রেতারা এখন সশরীরে দোকানে বা সুপারশপে যাওয়ার চেয়ে ঘরে বসে ই-কমার্স বা অনলাইনের মাধ্যমে পণ্য কেনাকাটায় ঝুঁকছেন। মাস্টারকার্ড এর সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৬ জন জানিয়েছেন যে তারা বর্তমান করোনাকালে গতানুগতিক ধারা ছেড়ে অনলাইনভিত্তিক লেনদেন করছেন এবং করোনার পরেও স্থায়ীভাবে এই পদ্ধতিতে কেনাকাটা করতে চান।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘ক্যাশলেস পে’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘পরিবর্তিত নতুন সময়ে ভার্চুয়াল মুদ্রার দিকে আমাদের মনযোগী হতে হবে। বিটকয়েন এর মতো মুদ্রাকে অনুমোদন না দিলেও এই বিষয়ে আমাদের ভাবতে হবে। বিষয়টি নিয়ে নীতি নির্ধারণী বৈঠক করতে হবে। তা না হলে আমরা পিছিয়ে পড়ব এবং সাইবার সিকিউরিটির দিকে নজর দিয়েই আমরা ক্যাশলেস সোসাইটি গড়ে তুলব।’—প্রেস বিজ্ঞপ্তি