সিলেট অফিস
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে আবারও ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয় শনিবার দুপুরে। মো. বাবুল হোসেন (২০) নামের ঐ যুবক উপজেলার লামাগ্রামের আমির হোসেনের পুত্র। এ ঘটনায় একই গ্রামের চান মিয়ার পুত্র কয়েছ মিয়া (২০) গুলিবিদ্ধ হয়েছে।
বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি এ তথ্য নিশ্চিত করে জানান, সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে আনারস চুরি করতে গিয়ে ভারতীয় খাসিয়া বাসিন্দাদের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। শনিবার দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার উত্মা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৫৭/৯-এস সংলগ্ন দিয়ে এ দুই নাগরিক ভারতের ৮০০ গজ ভেতরে ঢুকে পড়ে। তাদের উপস্থিতি টের পেয়ে ভারতীয় খাসিয়া নাগরিকরা দেশীয় অস্ত্র দিয়ে গুলি চালালে বাবুল মিয়া মারা যান। আহত কয়েছ মিয়া গুলিবিদ্ধ অবস্থায় কৌশলে বাংলাদেশে এসে পালিয়ে যান।
তিনি জানান, সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্য দল সীমান্তবর্তী জনগণকে অবৈধভাবে সীমান্ত পারাপার হয়ে ভারতে গমনের ব্যাপারে সর্বদাই নিষেধাজ্ঞা দিয়ে আসছে। কিন্তু অনেক সময় নিষেধ অমান্য করে তারা ভারতে অনুপ্রবেশ করে।
