চমেক হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত

আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:২৪

চট্টগ্রাম অফিস

চমেক হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার হাসপাতালের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, সকালে চমেক হাসপাতালের একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি হাসপাতাল ত্যাগের পর ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। নওফেল অনুসারী ছাত্রলীগ নেতা অভিজিত্ দাশ বলেন, মন্ত্রীর গাড়ি হাসপাতাল এলাকা ত্যাগের পর তারা আমাদের ওপর হামলা করে। এসময় মন্ত্রীর নাম উল্লেখ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন মেয়র নাছিরের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা। ক্রিকেট স্ট্যাম্প ও হকিস্টিক দিয়ে তারা আমাদের ওপর হামলা করে। হামলায় আমাদের ছয় জন আহত হয়।’

মেয়র নাছিরের অনুসারী চমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম শিমুল বলেন, উপমন্ত্রী মহোদয় এসেছিলেন। আমরা তাকে রিসিভ করি। তার সঙ্গে কিছু বহিরাগত এসেছিলেন। মন্ত্রী চলে যাওয়ার পর তারা আমাদের ওপর হামলা করে। ইন্টার্নি চিকিত্সকরাও হামলার শিকার হয়েছে। আমাদের পাঁচ জন আহত হয়েছে।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া ইত্তেফাককে বলেন, মন্ত্রী মহোদয় চলে যাওয়ার পর কিছু ছাত্র প্রথমে কথাকাটাকাটি পরে মারামারি শুরু করে। কিল-ঘুষি মারতে থাকে। মারামারি থামাতে গিয়ে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’