মাস্ক পিপিই কেনায় দুর্নীতি কেন্দ্রীয় ঔষধাগারের ছয় কর্মকর্তাকে দুদকে তলব

আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:২৭

ইত্তেফাক রিপোর্ট

করোনা মহামারির মধ্যে মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল কমিশন থেকে তাদের কাছে তলবি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য। তিনি জানান, নোটিশে তাদের আগামী ১৯ ও ২০ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হতে বলা হয়েছে। গতকাল কমিশন থেকে যাদের তলব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সিএমএসডির সাবেক সহকারী পরিচালক (মজুত ও বিতরণ) ও বর্তমানে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান, উপপরিচালক ও পিএন্ডসি ডা. মো. জাকির হোসেন, সাবেক মেডিক্যাল অফিসার (চিফ কো-অর্ডিনেটর) ডা. জিয়াউল হক, সাবেক ডেস্ক অফিসার-৮ ও অতিরিক্ত দায়িত্ব স্টোর, ডা. সাব্বির আহম্মেদ, স্টোর অফিসার কবির আহম্মেদ, সিনিয়র স্টোরকিপার মো. ইউসুফ ফকির।

এই ছয় জনের মধ্যে আগামী ১৯ জুলাই ডা. মো. শাহজাহান, ডা. সাব্বির আহম্মেদ ও স্টোর অফিসার কবির আহম্মেদকে দুদকে হাজির হতে বলা হয়েছে। অপরদিকে ২০ জুলাই হাজির হতে বলা হয়েছে ডা. জিয়াউল হক, ডা. মো. জাকির হোসেন ও মো. ইউসুফ ফকির।