এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রেসিডেন্ট পার্কে দোয়া মাহফিল

আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:২৮

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল তার বারিধারার বাসা প্রেসিডেন্ট পার্কে দিনব্যাপী কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। আগামীকাল মঙ্গলবার মরহুম এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’ গৃহীত তিন দিনের কর্মসূচির প্রথম দিনে গতকাল ঢাকায় প্রেসিডেন্ট পার্কসহ দেশের বিভিন্ন স্থানে কোরানখানি ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

কোরানখানি শেষে মোনাজাতে শরিক হন এরশাদ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ, এরশাদপুত্র ও ট্রাস্টি এরিক এরশাদ এবং ট্রাস্টি ফখরুজ্জামান জাহাঙ্গীর, অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান ও জাহাঙ্গীর আলম প্রমুখ। এরিকের মা বিদিশা ছাড়াও জাতীয় পার্টির (জাপা) কিছু নেতা-কর্মীও এতে শরিক হন। মিলাদ মাহফিল শেষে ট্রাস্টের উদ্যোগে বাড্ডা, কুড়িল, নর্দ্দা, শাহজাদপুর ও বারিধারার বিভিন্ন মাদ াসায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার ট্রাস্টের উদ্যোগে সারা দেশে উপজেলা শহরের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হবে। আগামীকাল সকালে এরশাদপত্নী ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের গুলশানের বাড়িতে মিলাদ এবং বিকালে প্রেসিডেন্ট পার্কে এরশাদের বেদিতে পুষ্পস্তবক প্রদান, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।