পিকআপ ভ্যান ছিনতাই চেষ্টা চালক ও হেলপারকে কুপিয়ে জখম

আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:২৯

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে পিকআপ ভ্যান ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালক ও হেলপারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে আড়াইহাজার পৌরসভার বড়দিঘিরপাড় এলাকায় ঘটনাটি ঘটে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, শনিবার রাতে ভুলতা থেকে তিন-চার জন ছিনতাইকারীর দল যাত্রী বেশে একটি পিকআপভ্যানে উঠে পড়ে। এসময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে তারা গাড়িটির নিয়ন্ত্রণ নিয়ে ধারালো অস্ত্র দিয়ে চালক ও হেলপারকে আঘাত করতে থাকে। উপজেলার বড়দিঘিরপাড় নামক এলাকায় পৌঁছালে দুইপক্ষের ধস্তাধস্তিতে গাড়িটি পুকুরে পড়ে যায়। এসময় চালকের চোখ বাঁধা অবস্থায় ছিল। আহতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার নুরুল ইসলামের ছেলে কানিছ ও কিশোরগঞ্জ এলাকার আব্দুল কাসেমের ছেলে হাকিম।

স্থানীয়রা আহত অবস্থায় চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরো জানান, ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে।