স্বপ্নে পাওয়া লটারি!

আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:৪৫

ঘুমের মধ্যে স্বপ্নে কতজনই রাজা-বাদশা হয়ে যান। কোটি টাকার মালিক হতেও কোনো দোষ নেই। কারণ স্বপ্নের তো কোনো সীমাবদ্ধতা নেই। যদিও স্বপ্ন শেষ হতেই ধুপ করে পড়তে হয় মাটিতেই। তবে এই স্বপ্ন থেকেই সত্যি সত্যি কোটিপতি বনে গেছেন অস্ট্রেলিয়ার এক নারী। স্বপ্নে পাওয়া একটি নম্বর থেকেই ৭ লাখ অস্ট্রেলিয়ান ডলারের (৪ কোটি ১৩ লাখ টাকা) জ্যাকপট জিতেছেন ঐ নারী।

ঐ নারী জানান, এখন থেকে ১৫ বছর আগে কোনো একদিন স্বপ্নের মধ্যে তিনি ঐ নম্বরটি পান। এরপর থেকেই তিনি ঐ নম্বরের টিকিট কিনে লটারিতে অংশ নিয়ে আসছেন। কখনোই তিনি তার নম্বর পরিবর্তন করেননি। প্রত্যেকবারই ঐ একই নম্বর। অবশেষে সোনার হরিণ ধরা দিয়েছে এ বছর। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের অর্থনীতি যেখানে ধুঁকছে ঠিক সেই সময়ে ঐ নারী জিতলেন বিপুল পরিমাণ অর্থ। এর আগেও একই নম্বরে ছোটখাটো পুরস্কার জিতলেও এবারই এত বড়ো জ্যাকপট জিতেছেন তিনি। বিপুল এই অর্থ জেতার পর নিজের প্রতিক্রিয়ায় ঐ নারী বলেন, আমি সব সময় চাইতাম আমার পরিবারের পাশে থাকব, তাদের সবার জন্য কিছু একটা করব। কিন্তু সেইভাবে উপার্জন না থাকায় সেটা কখনোই করা হয়ে ওঠেনি। এবার এক সঙ্গে এত টাকা পেয়েছি যে চাইলে তাদের জন্য কিছু করার পাশাপাশি আগেভাগেই চাকরি থেকে অবসরেও যেতে পারব।—ইউপিআই