করোনা ভাইরাস মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত আসা ক্ষতিগ্রস্ত কর্মীদের ঋণ দিতে ২০০ কোটি টাকার একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, এ সমঝোতা স্মারক অনুযায়ী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ব্যাংককে ২০০ কোটি টাকা বিনা সুদে ঋণ হিসেবে দেবে এবং ব্যাংক এই তহবিল থেকে শতকরা ৪ ভাগ সরল সুদে গ্রাহকদের বিনিয়োগ ঋণ প্রদান করবে। বৈধভাবে বিদেশে গমনকারী কর্মী বা বিদেশ থেকে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণ করেছেন এমন কর্মী এবং করোনায় মৃত কর্মীদের পরিবার এ ঋণ পাওয়ার জন্য উপযুক্ত বিবেচিত হবেন। এই ঋণ প্রদান ও ব্যবস্থাপনা কার্যক্রম এ বিষয়ে প্রণীত নীতিমালা অনুযায়ী সম্পাদিত হবে। দ্রুত, দক্ষ ও স্বচ্ছ ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন অংশীজনকে সংযুক্ত করা হবে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষে স্বাক্ষর করেন মহাপরিচালক মো. হামিদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমদ বলেন, ‘করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মীদের টেকসই পুনর্বাসনের লক্ষ্যে স্বল্প ও সরল সুদে এই ঋণের ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ৫০০ কোটি টাকা দিয়ে আরো ব্যাপক পুনর্বাসন কর্মসূচি হাতে নেওয়া হবে।
